২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে দোষীদের সাজা, নইলে আন্দোলন

দুই প্রভাষককে আটকে রাখার ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে মঙ্গলবারও পাঠদান বন্ধ রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 06:15 AM

Updated : 26 Jul 2022, 03:02 PM

এ ঘটনায় দোষীদের সাজার দাবিতে অনড় রয়েছেন শিক্ষকরা। সোমবার থেকে তারা পাঠদান বন্ধ রেখেছেন।

মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে শিক্ষকরা উপাচার্যের বিরুদ্ধে আন্দালনে নামার হুমকি দিয়েছেন।

এদিকে সোমবার হওয়া শৃঙ্খলা কমিটি ও একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিন্ধান্ত মঙ্গলবার জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আবুল হোসেন জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত চলা শৃঙ্খলা কমিটি ও একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে আজকের [মঙ্গলবার] মধ্যে শৃঙ্খলা কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় নেয়া সিদ্ধান্তগুলো নোটিশের মাধ্যমে প্রকাশ করা হবে,” বলেন তিনি।

এদিকে সোমবার গভীর রাতে উপাচার্য একেএম সাইদুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা।

এ সময় অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মারুফুল আলম জানিয়েছেন, শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সময় দেয়া হয়েছিল।

এরপর রাতের বৈঠকে আরো কিছু সময় চেয়ে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ আহবানের কথা বলেছেন উপাচার্য।

“মঙ্গলবার দুপুরের পর উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে আমরা একদফা আন্দোলনে নামতে বাধ্য হব,” বলেন মারুফ।

এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সব ব্যাচের এসিসিই অনার্স ডিগ্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে রূপান্তরসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ছাত্ররা রোববার সকাল ১০টা থেকে বিভাগীয় চেয়াম্যানের কক্ষে রফিকুল ইসলাম ও খায়রুল আলম নামে দুই প্রভাষককে আটকে রাখে।

এর ১৮ ঘণ্টা পর সোমবার ভোর ৪টার দিকে তালা খুলে শিক্ষকদের বের করে আনা হয়।