ঝুঁকি নিয়ে বসবাস পুলিশ ভবনে
নোয়াখালী পুলিশ লাইনসে পুরনো ভবনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েকশ’ বাসিন্দা।
এখানে রিজার্ভ পুলিশের জন্য দুটি তিনতলা বহুতল ব্যারাক এবং কর্মকর্তাদের পরিবার নিয়ে থাকার জন্য ছয়টি স্টাফ কোয়ার্টার রয়েছে।
১৯৭২ সালে নির্মিত ভবনগুলো ঠিকভাবে সংস্কার কিংবা মেরামত না করায় অনেকদিন থেকে জরাজীর্ণ ও বিপজ্জনক হয়ে আছে।
জীবনের ঝুঁকি নিয়ে ব্যারাকে থাকেন ৩২০ পুলিশ সদস্য এবং কোয়ার্টারে থাকে কর্মকর্তাদের ৬০টি পরিবার।
সরেজমিন গিয়ে দেখা যায়, ব্যারাকের পিলারগুলো ভেঙে মরিচা ধরা রডগুলো বের হয়ে আছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। সিলিং ফ্যানে ঝুলে আছে বিদ্যুতের উন্মুক্ত ও ছেঁড়া তার।
স্টাফ কোয়ার্টারের ভবনে দেখা গেছে ভাঙা পাইপ দিয়ে অনবরত পানি পড়ে দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। শৌচাগারগুলোতে পানি পড়ে পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
দরজা ও জানালা ভাঙা। ভবনের বাইরের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, সেখানে ঠাঁই নিয়েছে আগাছা।
ভবনের নিচতলার বাসাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেয়ালের পলেস্তারা আর জমে থাকা ময়লা পানিতে বাসা বেঁধেছে নানা পোকামাকড় ও কীটপতঙ্গ।
এসব নোংরা, অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পথ পার হয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দাদের উপরে উঠতে হয়।
স্টাফ কোয়ার্টারে বসবাসকারী পুলিশ সদস্য জমিস উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী জুলেখা আক্তার অভিযোগ করে, বাবা দিনরাত বাইরে কাজে ব্যস্ত থাকেন। মা, ভাই বোন মিলে পরিবারের পাঁচ সদস্যকে দিনরাত অসহায় অবস্থায় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। কখন বিল্ডিং ধ্বসে পড়ে-এই আতঙ্ক সব সময় তাদের তাড়িয়ে বেড়ায়।
অভিযোগ শুধু জুলেখার নয়, কোয়ার্টারে বসবাসকারী সবার।
স্টাফ কোয়ার্টারে বসবাসকারী পরিবারগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সলিমুল্লাহ বলেন, পুলিশ সদস্যরা মানুষের নিরাপত্তার জন্য কাজ করেন, আর তাদেরই জীবনের নিরাপত্তা নেই। পরিবার পরিজনদের কথা চিন্তা করে সব সময় আতঙ্কে থাকতে হয়।
তিনি অভিযোগ করেন, কোয়ার্টারে বসবাসকারী সবাই হাউজ রেন্ট, বিদ্যুৎ ও পানির বিল নিয়োমিত পরিশোধ করেন, অথচ ভবনগুলোর কোনো সংস্কার হচ্ছে না।
ব্যারাক ও ভবনগুলোর রক্ষনাবেক্ষণের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ। পুলিশ সদস্যদের অভিযোগ, মাঝেমধ্যে দায়সারা গোছের সামান্য মেরামত ও চুনকাম করে গণপূর্ত বিভাগ দায় সারে বটে, ভবনগুলো আর বসবাসের যোগ্য হয়ে ওঠে না।
নোয়াখালীর পুলিশ সুপার আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনগুলো সংস্কারের জন্য গণপূর্ত বিভাগ ও পুলিশ সদরদপ্তরে বহুবার লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ফলে ভবনগুলোতে বসবাসরত পুলিশ সদস্য ও তাদের পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
এ ব্যপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনগুলো মেরামত ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে পত্র পাঠানো হযেছে। বরাদ্দ না পেলে কাজ করা সম্ভব নয়।
