২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে বিপাকে কাঁচামাল ব্যাবসায়ীরা

রাজশাহী বিভাগের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে জয়পুরহাটের কাঁচামাল ব্যবসায়ীরা পণ্য নিয়ে বিপাকে পড়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 12:25 PM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সোমবার সকাল থেকে এ ধর্মঘটের কারণে জয়পুরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকরা জেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে।

সদরের নতুন হাট এলাকার সায়েম উদ্দিন, জামালগঞ্জের আব্দুর রহিমসহ কাঁচামাল ব্যবসায়ীরা জানান, পরিবহন ধর্মঘটের কারণে করলা, বেগুন, কাঁচামরিচসহ বিভিন্ন শাক-সবজি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

ফলে এসব কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

কালাই উপজেলার আলু ব্যবসায়ী মোহসিন আলী জানান, “এ জেলা থেকে প্রতিদিন প্রায় ৫০/৬০ ট্রাক আলু দেশের বিভিন্ন স্থানে যায়। পরিবহন ধর্মঘটের কারণে আমরা আলু ব্যবসায়ীরা বিপাকে পড়েছি।”

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক ও জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দশ দফা দাবি পূরণের লক্ষ্যে সরকারের সঙ্গে সড়ক ফেডারেশনের চুক্তি হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।

শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে এবং দাবি মানা না হলে পরবর্তীতে সাড়া দেশে ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন গোলাম মোস্তফা।