নড়াইলে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫
নড়াইলের লোহাগড়া উপজেলার একটি গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ কমপক্ষে ১৫ জন।
রোববার সকালে লোহাগড়ার ইতনা ইউনিয়নের চরপরানপুর গ্রামের ওই সংঘর্ষে নিহত হন মহসিন মোল্লা (৩২)।
লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকালে চরপরানপুর গ্রামের পাশ্ববর্তী গোপালপুর বাজারে মোল্যা গ্রুপ এবং মীনা গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা হয়।
ওসি ইকবাল বলেন, রোববার সকাল ১০টার দিকে আবারো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মহসিন মোল্লা। আহত হন আরো কমপক্ষে ১৫ জন।
আহতদের মধ্যে মনোয়ারা বেগম (৫০), খোলসা বেগম (৪৮), রবিউল (৩২), গোরা মোল্যা (৩৭), সিদ্দিক (৩০) ও আবুল বাশারকে (৪০) লোহাগড়া ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
