২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ডাক্তার দম্পতি দণ্ডিত

চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক দম্পতিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 11:44 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

এছাড়া তাদের সাত লাখ টাকা জরিমানাও করা হয়।  

রোববার নগরীর গোলপাহাড় মোড়ে মেরিস্টোপস ক্লনিকের পাশের চেম্বারে র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা এ বিচার করেন।   

দণ্ডিতরা হলেন উজ্জ্বল কান্তি দেব ও তার স্ত্রী চিত্রা সরকার।

আনোয়ার পাশা জানান, এই সাজা ছাড়াও দুজনকে সাড়ে তিন লাখ টাকা করে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে এরা দীর্ঘদিন গোলপাহাড় মোড়ে হাটহাজারী ফিজিওথেরাপিস্ট ক্লিনিক খুলে রোগীদের সঙ্গে চকিৎসার নামে প্রতারণা করছিলেন।

“সাইনবোর্ডে লেখা তাদের নামের পাশে চিকিৎসক উল্লেখসহ বিভিন্ন ভুয়া ডিগ্রির কথাও লেখা ছিল,” বলেন তিনি।    

এক বছর আগেও একই অভিযোগে উজ্জ্বলকে এক লাখ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব কর্মকর্তারা জানান, উজ্জ্বল মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করে ভুয়া ডিগ্রি লিখে নিজেই ক্লিনিক খুলে চিকিৎস হিসেবে পরিচয় দিচ্ছিলেন।