চট্টগ্রামে ৯ জনের যাবজ্জীবন
মাদক বিক্রিতে বাধা দেয়ার কারণে এক ব্যক্তিকে খুনের অভিযোগে এক নারীসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার জননিরাপত্তা ট্রাইবুনালের বিচারক ও বিশেষ জেলা ও দায়রা জজ মোমিন উল্লাহ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুস সাত্তার, মো. খোকন, এজাহার মিয়া, আবুদস সবুর, মো. রফিক, মো. হারুণ, আবদুল গফুর, বাদশা মিয়া ও হালিমা বেগম।
এরা সবাই লোহাগাড়া উপজেলার বড়হাবিয়া গ্রামের বাসিন্দা। সবাই কারাগারে রয়েছেন।
ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন।
এছাড়া আরও দুই আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলেও জানান তিনি।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ ডিসেম্বর মাদক বিক্রিতে বাধা দেয়ায় আসামিরা লোহাগাড়া উপজেলার বড়হাবিয়া গ্রামে শহর মুল্লুক (৩০) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে খুন করে।
ঘটনার পরদিন ৯ ডিসেম্বর শহর মুল্লুকের ছোট ভাই মো. মানিক বাদি হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় হত্যা মামলাটি করেন।
পিপি জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় পুলিশ ২০০৯ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে এবং মামলাটি জননিরাপত্তা ট্রাইবুন্যালে স্থানান্তর করার পর ২০১০ সালের ৪ মার্চ অভিযোগ গঠন হয়।
রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয় বলে জানান তিনি।
