২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজ গার্মেন্টসের কর্মীরা ফের অসুস্থ

খাবার খেয়ে অসুস্থ হওয়ার একদিন পর সাভারে একটি পোশাক কারখানার প্রায় তিনশ শ্রমিক আবারো অসুস্থ হয়েছেন পানি পান করে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 06:57 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ‘দ্য রোজ ড্রেসেস লিমিটেডের’ শ্রমিকরা কারখানার ট্যাপের পানি পান করে অসুস্থ হন বলে পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, এর পরিপ্রেক্ষিতে রোববার কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশারফ হোসেন দেওয়ান।

তিনি বলেন, থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রওনক জাহান উর্মিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডা. সেলিনা নাসরিন ও স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ওসমান।

আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া যে পানি পানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছ বলেও জানান তিনি।

শুক্রবার রাতের খাবার খেয়ে ওই কারখানার প্রায় দেড়শ’ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর শনিবার কারখানাটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।

আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন বন্ধ থাকার পর রোববার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে হঠাৎ মাথা ঘুরে এবং বমি করে মেঝেতে ঢলে পড়তে থাকেন শ্রমিকরা।

“তাদের দ্রুত নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। কয়েকজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে,” বলেন সাত্তার।

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলন, “আমাদের একই বাউন্ডারির মধ্যে দুইটি ভবন। দুই ভবনের শ্রমিকরাই অসুস্থ হয়েছে। যদিও দুই ভবনের পানির ট্যাংঙ্কি, মটর ও পানির লাইন সম্পূর্ণ আলাদা। বিষয়টি বেশ রহস্যজনক মনে হচ্ছে।”