রাঙামাটিতে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার
রাঙামাটির রাজবন বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আর্যদর্শী ভিক্ষু (২৬) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আন্দারমানিক এলাকায়।
কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান বলেন, তার পকেটে একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা হয়েছে, মানসিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
রাজ বন বিহার পরিচালনা কমিটির কর্মকর্তা রিন্টু চাকমা বলেন, তারা বিহারের পাশের একটি কুঠিরে দরজা বন্ধ অবস্থায় আর্যদর্শী ভিক্ষুর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
“ওই ঘরে একটি বাক্সে এক লাখ ৮০০ টাকা পাওয়া গেছে, যা বন বিহার হাসপাতালে ভিক্ষুদের চিকিৎসায় ব্যয় করার জন্য তিনি চিরকুটে লিখে গেছেন।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।
