‘যাকাতের মাধ্যমে দারিদ্র দূরীকরণ সম্ভব’
চট্টগ্রামে ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ বিষয়ক একটি সেমিনার হয়েছে।
শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
সেমিনারে তুরস্কের অনারারী কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান প্রাতিষ্ঠানিকভাবে যাকাত প্রদানে উৎসাহী হতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, “চট্টগ্রাম চেম্বার, সিটি কর্পোরেশন ও বিভিন্ন ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে যাকাত প্রদানের মাধ্যমে এক একটি ওয়ার্ডে দারিদ্র দূরীকরণ সম্ভব।”
ক্ষুদ্র অর্থনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যাকাত বিশেষ ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন কাশেম।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল হক বলেন, যাকাতের মাধ্যমে উপার্জিত সম্পত্তি পবিত্র করার পাশাপাশি গরীবের প্রতি হক আদায়সহ দারিদ্র বিমোচনেও ভূমিকা রাখা সম্ভব।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিজেডএমের সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, শিপিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এ. বি. এম. ওয়াদুদ উল্যাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী বিভাগের প্রভাষক মাওলানা আমির হোসেন ও মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল প্রমুখ।
