২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে যৌন হয়রানির জন্য শিক্ষার্থী বহিষ্কার

এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার বিকালে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ওরফে মুন রোজারিওকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

চবি প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই বিভাগের মাস্টার্সের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাসুমকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ঘটনার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর ছেলে মো. আলীকে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযুক্ত ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে হয়রানির শিকার ছাত্রীটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ছাত্রীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীর উপযুক্ত বিচার করেছে।

উপাচার্য অধ্যাপক  মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শংকর লাল সাহা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল মনসুর প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে অটোরিকশায় যৌন হয়রানির শিকার হয় মেয়েটি।

ঘটনার পরপর মাসুম ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।

অভিযুক্ত মো. মাসুম ছাত্রলীগ কর্মী এবং চবি ছাত্রলীগ শাখার সভাপতি মামুনুল হকের অনুসারী বলে পরিচিত।