ঈশ্বরদীতে যুবলীগকর্মী খুন
পাবনার ঈশ্বরদী থেকে এক যুবলীগকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পৌর এলাকার পূর্ব টেংরী মহল্লার একটি খাল থেকে লিখন মালিথার লাশ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার মূলাডুলি ইউনিয়নের পাতিরাজপুর গ্রামের জাকির হোসেন মালিথার ছেলে।
লিখনের চাচা ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী মালিথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবলীগকর্মী লিখনকে কে বা কারা হত্যা করে লাশ ফেলে যায়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ময়না তদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
