২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মজুরি দিয়ে জিএসপি পুনরুদ্ধার সম্ভব’

শ্রমিকদের ন্যায্য মজুরি দিয়ে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) পুনরুদ্ধার করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এছাড়া সাভারের মানবিক বিপর্যয়ের জন্য বাংলাদেশি পোশাক বয়কট করা সমাধান নয় বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেলি ফেল্ডম্যান আরো বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে ভোক্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ‘বয়কটই কি বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য ভোক্তাদের সর্বোৎকৃষ্ট উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের এই অধ্যাপক।

প্রবন্ধে বলা হয়, নারীদের স্বল্প মজুরিতে গার্মেন্টস খাতে কর্মসংস্থান করে পশ্চিমা বিশ্বের কাছে বলা হয়, নারী ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। অথচ অতি অল্প মজুরি দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে।

সাভারে ভবন ধসের জন্য দায়ী করে শুধু দুয়েকজনকে শাস্তি দিলেই সমস্যার সমাধান হয় না, বরং শ্রমিকদের জন্য নিরাপদ ভবন নির্মাণের জন্য ভবন নির্মাণ নীতিমালার অনুসরণ নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, শ্রীলংকাসহ তৃতীয় বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পরে গার্মেন্টস সেক্টরের যাত্রা শুরু হলেও তারা শ্রমিকদের বাংলাদেশের চেয়ে কয়েকগুন বেশি মজুরি দিচ্ছে।

"শ্রীলঙ্কা, চীনসহ এশিয়ার কয়েকটি দেশের মতো মজুরি নিশ্চিত করলেও বাংলাদেশের জিএসপি সুবিধা পুনরুদ্ধার করা সম্ভব", বলেন তিনি।

বাংলাদেশ সরকার এবং বিজিএমইএ কর্তৃপক্ষের রাজনীতির কারণে পোশাক শিল্পে উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি।

তিনি গার্মেন্টস খাতের উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।

আইবিএসের সেমিনার কক্ষে আয়োজিত ‘আইবিএস কর্মসূচিসমূহের গবেষণা দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দুদিনব্যাপী এই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএসের পরিচালক অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক মো. জয়নুল আবেদিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনসংযোগ প্রশাসক ইলিয়াছ হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ ওই প্রতিষ্ঠানের এমফিল ও পিএইচডির গবেষকবৃন্দ।

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস খাত অনেক গুরুত্বপূর্ণ বলা হলেও এ খাতের উন্নয়নে কার্যকর কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।