২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাতক ছাত্রীদের উপবৃত্তি কর্মসূচি উদ্বোধন রোববার

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তি কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫ ছাত্রীর হাতে উপবৃত্তি তুলে দিয়ে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে এক লাখ ৩৩ হাজার ৭২৬ জন দরিদ্র ও মেধাবী ছাত্রী উপবৃত্তি পাবেন।

এই উপবৃত্তির কর্মসূচিতে বছরে খরচ হবে ৭৫ কোটি ১৫ লক্ষ টাকা, যা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক ছাত্রীকে বছরে দুই হাজার ৪০০ টাকা উপবৃত্তি, পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা, বই কেনার জন্য দেড় হাজার টাকা এবং টিউশন ফি বাবদ ৭২০ টাকাসহ পাঁচ হাজার ৬২০ টাকা দেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ শতাংশ গড় উপস্থিতি থাকলে, পিতা-মাতার বার্ষিক আয় ৭৫ হাজার টাকার কম হলে, পরিবার ৭৫ শতাংশের বেশি ভূমির মালিক না হলে এবং বিবাহিত না হলে ছাত্রীরা এই উপবৃত্তি পাবেন।

পার্বত্য, হাওড় ও মঙ্গাপীড়িত এলাকার ছাত্রীদের অগ্রাধিকারে ভিত্তিতে উপবৃত্তি দেয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুঃস্থ-অসহায় গোষ্ঠী, অসচ্ছল মুক্তিযোদ্ধা, উপার্জনে অসমর্থ/বিকলাঙ্গ পিতামাতার সন্তান ও প্রতিবন্ধী ছাত্রীরাও অগ্রাধিকার পাবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ শতাংশ ছাত্রী উপবৃত্তি পাবার যোগ্য হবেন।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি), মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্প (এসইএসডিপি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড এ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প (৪র্থ পর্ব) চালু আছে।

এসব প্রকল্পের মেয়াদ শেষ হলে সেগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। ২০১২-১৩ অর্থ বছরে দেশের প্রায় ২৯ লাখ শিক্ষার্থীদের মধ্যে ৬৬৮ কোটি ১৫ লাখ টাকা উপবৃত্তি দেয়া হয়েছে।

দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২০ এপ্রিল ট্রাস্ট ফান্ড গঠনে লিখিত নির্দেশনা দেন।

পরে পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে কয়েকটি সভায় ট্রাস্ট আইনের খসড়া চূড়ান্ত করা হয় এবং ২০১১ সালের গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়।

পরবর্তীতে গত বছরের ১১ মার্চ সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল, ২০১২ পাস হয়।

ট্রাস্ট আইন অনুযায়ী পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২৩ সদস্যের ট্রাস্টি বোর্ড রয়েছে। প্রধানমন্ত্রী এই ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক। আর ট্রাস্টি বোর্ডের সভাপতি শিক্ষামন্ত্রী।

আগামী জুলাইয়ের মধ্যে ধানমণ্ডিতে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেল অফিসের তৃতীয় তলায় ট্রাস্ট বোর্ডের অফিস করা হবে। প্রাথমিক পর্যায়ে ৩২ জন জনবল নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে ট্রাস্টের কাজ পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম শুরুর জন্য ২০১১-১২ অর্থ বছরের বাজেটে সিডমানি হিসেবে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা পাঁচটি তফসিলী ব্যাংকে এফডিআর করে আছে।
এছাড়া সরকার কর্তৃক প্রদত্ত অর্থ, বিভিন্ন অনুদান, ব্যাংক-বীমা ইত্যাদির আর্থিক সহায়তা, লটারি, সমাজের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের অনুদান, প্রবাসীদের আর্থিক সহায়তা, বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার অনুদান থেকে পাওয়া টাকা দিয়েও ট্রাস্ট পরিচালিত হবে।