৩ বাংলাদেশির এলব্রুস জয়
ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসের চূড়ায় পা রেখেছেন প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম, নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও সিফাত ফাহামিদা নওশিন।
এক ইমেইলে মুসা জানান, রাশিয়া-জর্জিয়া সীমান্তে পশ্চিম ককেশাস পর্বতামালার মাউন্ট এলব্রুসের চূড়ায় পর্বতে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশের পতাকা ওড়ান অভিযাত্রীরা।
অভিযানে গাইড হিসেবে ছিলেন রাশিয়ার কাবারডিনো বলকারিয়া রিপাবলিকের অধিবাসী ডালহাত ওলমেঝভ।
গত ২৮ মার্চ এলব্রুস পর্বত জয় করেন এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরিন।
এভারেস্ট একাডেমী ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ আয়োজিত এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামিট গ্রুপ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ও আব্দুল মোনেম লিমিটেড।
এছাড়া এতে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশে রাশিয়ার দূতাবাস ও রাশিয়ার কাবারডিনো বলকারিয়া রিপাবলিকের ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়।
বাংলাদেশের অভিযাত্রীরা গত ১৩ জুন রাশিয়ার মস্কো থেকে এলব্রুস পর্বত জয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
তুষার ঝড়ের কারণে ২২ জুন পর্বতটির ১৬ হাজার ৪শ ফুট উচ্চতা থেকে দ্বিতীয় ক্যাম্প ‘গারা বাসি’তে ফিরে আসতে হয় অভিযাত্রীদের।
২৬ জুন দ্বিতীয় প্রচেষ্টায় এলব্রুস পর্বতের ১৮ হাজার ৫শ ১০ ফুট উঁচু ওয়েস্টার্ন সামিট জয় করেন। এ সময় তারা এলব্রুস পর্বতে প্রথম বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানের অংশ হিসাবে বাংলাদেশ, রাশিয়া এবং কাবারডিনো বলকারিয়া রিপাবলিকের পতাকা ওড়ান।
