২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে নরুন্দিতে থানার দাবি

জামালপুর সদরের নরুন্দিতে একটি পূর্ণাঙ্গ থানা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 10:15 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বৃহস্পতিবার দুপুরে নরুন্দি বাজারে পূর্ব জামালপুর সচেতন নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে।

এলাকাবাসী জানান, একটি বিক্ষোভ মিছিল নরুন্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক কমিটির আহবায়ক খলিলুর রহমান, নরুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান, মোতালেব হোসেন, আব্দুল গণি মিস্টার, রানা মিয়া খোকা ও এমদাদুল হক।

নাগরিক কমিটির আহবায়ক খলিলুর রহমান বলেন, জামালপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবহেলিত অঞ্চলের নাম নরুন্দি। দুর্গম অঞ্চল নরুন্দিতে আইনশৃঙ্খলার উন্নতির জন্য স্বাধীনতার পর থেকেই থানার দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করে আসছে।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র করা হয়।

এখানে পূর্ণাঙ্গ থানা না থাকায় সব কার্যক্রম চলে সদর থানায়।

জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ এই চার জেলার সীমান্ত ঘেঁষা নরুন্দি ইউনিয়ন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল বলেও তিনি দাবি করেন। 

খলিলুর রহমান জানান, নরুন্দিকে থানা ঘোষণা না করলে তারা হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবেন।