২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ব্লাড ব্যাংক সিলগালা

চট্টগ্রামে একটি অবৈধ ব্লাড ব্যাংক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে অভিযান চালিয়ে র‌্যাব-৭ ও ভ্রাম্যমাণ আদালত ব্লাড ব্যাংকটি সিলগালার পাশাপাশি হাসপাতালের তিন পরিচালককে আর্থিক জরিমানা ও দুই কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দেয়।

দুই বছরের দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-  নাহিদুল ইসলাম রুবেল (২৫), স্বরুপ নাথ (২৪)।

এছাড়া  হাসপাতালের পরিচালক মো. সেকেন্দার (৬৩), ডা. আব্দুল হালিম (৫৮) ও ডা. ফরিদুল আলমকে (৫৮) ১ লাখ টাকা করে জরিমানা করেন।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে অবৈধ এ ব্লাড ব্যাংকটিতে  পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হত।

“কোনো  পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট তৈরি করে এই ব্লাড ব্যাংক থেকে বিভিন্ন ক্লিনিকে রক্ত সরবরাহ করা হত।”

দেশে মোট ৭২টি বেসরকারি ব্লাড ব্যাংকের নিবন্ধন রয়েছে, যার মধ্যে চারটি রয়েছে চট্টগ্রামে।

র‌্যাব কর্মকর্তা সুজ্ঞান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ব্লাড ব্যাংকটি তাদের নয় বলে দাবি করলেও পরে স্বীকার করে।

দোষ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দেন ওই তিন কর্মকর্তা।