২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি তুলতে গিয়ে আলোকচিত্রী তড়িতাহত

গাজীপুরে নির্বাচনের ছবি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক মো. জাহিদুল করিম সেলিম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার বিকালে চান্দনা-চৌরাস্তা এলাকার একটি বিপণী বিতানে এই দুর্ঘটনা ঘটেছে। আহত সেলিমকে ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুরের স্থানীয় সাংবাদিক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সেলিমের (৩৫) হাত, গলা, বুক ঝলসে গেছে। পড়ে গিয়ে মাথায়ও চোট পেয়েছেন তিনি।  

“পৌনে ৫টার দিকে ঈদগাহ মার্কেটের তিন তলায় ছবি তুলতে যান সেলিম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা তারে জড়িয়ে যান তিনি। এর পরপরই সেখান থেকে ছিটকে পড়েন তিনি।”

বিপণি বিতানের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, গত বছরও ওই তারে একাধিক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি একাধিকবার জানালেও প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. খালেদুল ইসলাম বলেন, ওই জায়গা থেকে তার সরানোর কোনো সুযোগ নেই।