বন্ধের দিনেও গাজীপুরে প্রার্থীদের গণসংযোগ
শবেবরাতের বন্ধের দিনও থেমে নেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের গণসংযোগ।
শবেবরাতের নামাজ সেরে মঙ্গলবার সকালে নগরবাসী যখন ঘুমিয়ে, তখন প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান মঙ্গলবার সকাল দশটায় পুবাইলের হায়দরাবাদ এলাকায় একটি পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
পরে মেঘডুবি জামে মসজিদে যোহরের নামাজ আদায় শেষে তিনি কুদাব, মাজুখান, হারবাইদ, মিরের বাজার, মারুকায় গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ও সাংসদ জাহিদ আহসান রাসেল ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
এছাড়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাংসদ অপু উকিল, সাংসদ সানজিদা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত নন্দী রায়, এনামুল হক শামীম, পংকজ সাহা, জহির উদ্দিন লিপটন, গোলাম সারোয়ার কবিরসহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনাবাড়ি, কাশিমপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করে আজমতের দোয়াত-কলম প্রতীকে ভোট চান।
এদিন সিটি কর্পোরেশনের আলোচিত মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমও আজমত উল্লা খানের পক্ষে গাজীপুরের বোর্ড বাজার থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
জাহাঙ্গীর এ সময় সকল ভেদাভেদ ভুলে আজমত উল্লা খানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অপরদিকে ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী অধ্যাপক এম এ মান্নান মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী ইশতেহার পাঠ শেষে বিকেলে গণসংযোগে নামেন।
মান্নান সদর উপজেলার তিতারকুল, হাড়িনাল বাজার, বরুদা, শাহপাড়া, উত্তর ছায়াবীথি, দক্ষিণ ছায়াবীথিসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সদস্য হাসান উদ্দিন সরকারসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।
এছাড়া মেয়র পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন আহমেদ (হাতি মার্কা), মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল (হাঁস), মো. আমান উল্লাহ (তালা) এবং রীণা সুলতানার (প্রজাপতি) পক্ষে মাইকিং ও প্রচারণা চলছে।
