২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মান্নানের ইশতেহার ঘোষণা

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এম এ মান্নান তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার দুপুরে শহরের শাপলা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহারের ঘোষণা দেন মান্নান।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আ স ম হান্নান শাহ, সাবেক সাংসদ ফজুলল হক মিলন, আমান উল্লাহ আমান, হাসান উদ্দিন সরকার, ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

এছাড়াও জামায়াত নেতা আবুল হাসেম খান, ইসলামী ঐক্যফেরামের নেতা মাওলানা ফজলুর রহমান, মুফতি নাসির উদ্দিন খান, জাগপা নেতা মো. হুমায়ুন কবিরসহ ১৮ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইশতেহারে মান্নান ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থার উদ্যোগের কথা জনিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ এবং নারী শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করবেন।

এছাড়া গাজীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আইটি ভিলেজ এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপন এবং  হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি গরীব নগরবাসীর চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতালের উদ্যোগ নেবেন।

ইশতেহারে মান্নান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক কমিউনিটি পুলিশের কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভাসমান হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা হকার্স মার্কেট ছাড়াও যানজট নিরসনে চৌরাস্তা-বাইপাস সড়ক, জয়দেবপুর রেলক্রসিং, কোণাবাড়ি ও টঙ্গী রেলস্টেশন রোডে পর্যায়ক্রমে ফ্লাইওভার এবং অন্যান্য জনবহুল স্থানে পর্যাপ্ত ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।

এছাড়াও ইশতেহারে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নিষ্কাশন ব্যবস্থা, গ্যাস-পানি-বিদ্যুৎ ব্যবস্থা, ক্রীড়া-বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন মান্নান।

গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা গ্রামে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন এম এ মান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। লেখাপড়া শেষে টঙ্গী কলেজে শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হন।

মান্নান ১৯৭৮ সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে (জাগদল) যোগদান করেন, যা পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে রূপান্তরিত হয়।

১৯৯১ সালে মান্নান গাজীপুর-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপি নেতৃতত্বাধীন সরকারের মন্ত্রীসভায় প্রথমে ধর্ম-প্রতিমন্ত্রী পরে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।