২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর চ্যানেলে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দর চ্যানেলের কাছে স্টিল বিলেট বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তবে এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চ্যানেলের কাছাকাছি কাফকো জেটির সামনে এক হাজার ৪৭৫ টন স্টিল বিলেট (রড তৈরির কাঁচামাল) বহনকারী হ্যাং গ্যাং-২ নামের ছোট জাহাজটি (লাইটারেজ) ডুবে যায়।

বন্দর কর্মকর্তারা জানান, বহির্নোঙ্গর থেকে বড় জাহাজ এমভি টর্ম ডাইনামিক থেকে স্টিল বিলেট নিয়ে বন্দরে আসার পথে লাইটারেজের তলা ফুটো হয়ে যায়।

এরপর ধীরে ধীরে জাহাজটি কাফকো জেটির কাছাকাছি এসে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবে যাওয়া জাহাজের স্থান চিহ্নিত করা হয়েছে। জাহাজের মালিক প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

“এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”

হ্যাং গ্যাং-২ এর নাবিকরা সবাই নিরাপদ আছেন বলেও বন্দর সচিব জানান।

জাহাজটির মালিক ঢাকার কুইন মেরি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।