২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার পোলার কী দোষ ছিলো?’

বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে মায়ের কোল খালি করে লাশ হয়ে ঘরে ফিরলো আট বছরের আরমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

টেন্ডার দখল নিয়ে সরকারি দলের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের গোলাগুলি কেড়ে নিলো তার কোমলপ্রাণ।

চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তা মোড়সংলগ্ন বস্তিতে বসবাস আরমানদের পরিবারের। মা-বাবার তিন সন্তানের মধ্যে মেঝ ছেলে আরমান।

সোমবার বেলা ১২টার দিকে ঘর থেকে বেরিয়ে সাত রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিলো সে। কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আগেই বুলেটের সঙ্গে দেখা হলো তার। রেলের টেন্ডার দখল নিয়ে যুবলীগ-ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ প্রাণ নিলো তার।

আরমান গুলিবিদ্ধ হবার পরপরই তার বড়ভাই বাসায় গিয়ে মাকে খবর দেয় ‘ভাই গুলি খেয়েছে’।

ঘটনাস্থলে এসে ছেলের নিথর দেহের সামনে বসে বারবার মূর্ছা যাচ্ছিলেন আরমানের মা আছিয়া বেগম। প্রতিবেশী বা আত্মীয়-স্বজন কেউই তাকে সামলাতে পারছিলেন না।

সন্তান হারানো মা আছিয়া বারবারই বিলাপ করে বলছিলেন, ‘‘আমার পোলার কী দোষ ছিলো? আমি আমার পোলারে ফেরত চাই।

‘‘আল্লারে আমার এ সর্বনাশ কেডা করলো?’’

আছিয়া বলেন, “সারাক্ষণই মাঠে খেলাধুলা করত আমার ছেলে। কিছুক্ষণ আগে আরমান ঘর থেকে বের হয়। তার নানার বাসাও কাছে। সেখানেও যাবে বলছিলো। কিন্তু এ কী হলো!’’

আদরের সন্তান হারানোর শোকে কাতর মায়ের কণ্ঠে শুধু হাহাকারই নয়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবিও উচ্চারিত হয়।

নিহত আরমানের বাবা মো. সিদ্দিক। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

সাত রাস্তার মোড়ে পূর্ব রেলের সদর দপ্তরের অদূরে যুবলীগ-ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে আরমান ছাড়াও মারা যায় এনায়েত বাজার ওয়ার্ডের সদস্য সাজু পালিত (২৫)।

গুলিবিদ্ধ সাজুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালে নিহত সাজুর মা-বোনের বিলাপ ছুঁয়ে যাচ্ছিলো উপস্থিত সবাইকে।

তাদের দাবি, সংঘর্ষে অংশ নেয়া যুবলীগকর্মী অজিত তাকে বাসা থেকে ডেকে সিআরবি এলাকায় নিয়ে যায়।

সাত রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে নাস্তা খাবার সময় গুলিবিদ্ধ হন সাজু।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে  কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল আলম লিমনসহ দুপক্ষের ৪০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।