‘শিগগিরই রিতা-মিতার চিকিৎসা শুরু’
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত দুই বোন আইনুন্নাহার রিতা এবং নুরুন্নাহার মিতাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রক্রিয়া চলছে।
জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সোমবার মানবাধিকার সমিতির বগুড়া শাখার জ্যেষ্ঠ সদস্য শাহজাদি লায়লা জানান, দুই বোন এখনো বগুড়ার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রেই রয়েছেন।
রোববার শহরের আকবরিয়া আবাসিক হোটেল থেকে চিকিৎসক রিতা ও ছোট বোন প্রকৌশলী মিতাকে উদ্ধার করার পর সেখানে নিয়ে যায় পুলিশ।
শাহজাদি লায়লা বলেন, তাদের বিষয়ে ঢাকায় জাতীয় মানবাধিকার সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর সঙ্গে কথা হয়েছে।
“আগামী ৪/৫ দিনের মধ্যে ঢাকা থেকে একটি দল বগুড়ায় এসে তাদের কাউন্সেলিং সেবা দেবে। এরপর তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।”
