২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পণ্য মজুতকারীদের প্রতি হঁশিয়ারি

চট্টগ্রামে মজুত পণ্য শিগগরিই বাজারে না ছাড়লে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসক আবদুল মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

কোন কোন মার্কেটের কোন কোন ব্যবসায়ী পণ্য মজুদ করছে সেবিষয়ে জেলা প্রশাসনের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে বলেও জানান তিনি।

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে এক মতবিনিময় সভায় এ সতর্কবার্তা দেয়া হয়।

তবে মজুতদারদের তালিকা থাকলেও তাদের নাম প্রকাশ করেননি জেলা প্রশাসক।

তিনি বলেন, এসব ব্যবসায়ীদের প্রথমে সতর্ক করে দেয়া হবে। তারপরও যারা পণ্য মজুত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রমজানে বাজার স্থিতিশীল রাখতে শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও তদারকি টিম থাকবে বলে জানান আব্দুল মান্নান।

রমজানে জনসাধারণ যাতে পুরো মাসের বাজার একসঙ্গে না করে সেজন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।

বৈঠকে রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার পাইকারি দাম গত বছরের তুলনায় কম বলে জানান চট্টগ্রামের আমদানিকারক আবুল বশর।

তিনি বলেন, গত বছর পাইকারি বাজারে যে ছোলার দাম ছিল ৬২ থেকে ৬৫ টাকা, এবছর সেই ছোলার দাম ৫২ থেকে ৫৫ টাকা।

আসন্ন রমজানে ছোলাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত বছরের তুলনায় কম থাকবে বলে আশ্বস্ত করেন ব্যবসায়ীরা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আকতার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জোবায়ের আহমেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সৈয়দ জামাল উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।