পুরান ঢাকায় বারান্দা ধসে আহত ৫
পুরান ঢাকার বড় কাটরায় একটি ভবনের বারান্দা ধসে পাঁচজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল ৪টার দিকে বড়কাটরা মাদ্রাসার কাছে পুরনো একটি দোতলা ভবনের বারান্দা ভেঙে পড়ে। এতে নিচে রাস্তার ওপরে থাকা পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে জানান তিনি।
বুলবুল চৌধুরী নামে স্থানীয় এক জুতা ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরনো ভবনটির বারান্দা হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে। নিচের দোকানের মালিক আরিফ, হিমেল, টিটু ও দুজন পথচারী সে সময় নিচে ছিলেন। তারা সবাই আহত হন।
আলী হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই ভবনের নিচে পাঁচটি দোকান ছাড়াও কয়েকটি গুদাম এবং দ্বিতীয় তলায় কয়েকটি গুদাম রয়েছে বলে বুলবুল জানান।
পুলিশের চকবাজার জোনের সহকারী উপ-কমিশনার আল মামুন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
