২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিটি গভর্নমেন্ট ছাড়া সম্ভব নয়’

সিটি গভর্নমেন্ট ছাড়া সঠিক নাগরিক সেবা দেয়া সম্ভব নয় বলে মনে করেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার চট্টগ্রাম পৌরসভার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি বলেছেন, “সিটি মেয়র যত যোগ্য লোকই হোক না কেন, সিটি গভর্নমেন্ট ছাড়া নাগরিক সেবা পুরোপুরি দেয়া সম্ভব নয়।”

জাতীয় আয়ের ৩০ শতাংশ চট্টগ্রাম থেকে যুক্ত হয় দাবি করে নোমান বন্দর নগরীর উন্নয়নে জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ রাখার দাবি জানান।

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে সরকারকে বিশেষ বরাদ্দ দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার সীমিত অর্থে নগরীর জলাবদ্ধতা নিরসন করতে পারবে না।

“১৯৯১ সালে ১৭টি পয়েন্ট নির্ধারণ করে আমি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করিয়ে তা কেবিনেটে পাস করেছিলাম।”

১৯৯৪ সালে চট্টগ্রাম নগরীর উন্নয়নে নেয়া ‘আমব্রেলা প্রকল্প’ বাস্তবায়নের জন্য বর্তমান স্থানীয় সরকার মন্ত্রীকে অনুরোধ করেছেন বলেও জানান নোমান।

ধ্বংসের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।

সিটি মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ১০০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।