২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই সীমান্তে ১৩ হত্যা

ভারত সরকার সীমান্তে হত্যা ‘শূন্যে’ নামিয়ে আনার দাবি করলেও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ জন বাংলাদেশি প্রাণ দিয়েছেন বিএসএফের হাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

গত ১২ জুন জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ দাবি করেন, জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সীমান্তে হত্যা ‘শূন্যের’ কোটায় নেমে এসেছে।

তবে তার এই বক্তব্যের ২৪ ঘণ্টা আগেই যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় তিন বিএসএফএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করে ভারতীয় কর্তৃপক্ষ।

রোববার বিএনপির সাংসদ রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী জাতীয় সংসদে বলেন, ২০০৫ সালে সীমান্তে মোট ৭৯ জনের প্রাণহানি হয়েছিল। ২০১২ এ তা কমে ৩৪ জনে দাঁড়ায়। আর চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৩ জন নিহত হয়েছেন।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সীমান্তে বিএসএফের হাতে বেসামরিক নাগরিক হত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলেও উল্লেখ করেন মন্ত্রী। 

বিভিন্ন মানবাধিকার সংস্থার কঠোর সমালোচনা ও বাংলাদেশ সরকারের প্রতিবাদের মুখে ভারত এক বছর আগে বিএসএফ সদস্যদের হাতে ‘প্রাণঘাতি নয়’ এমন অস্ত্র দেয়। এরপর সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনা কিছুটা কমে এলেও গত বছরের শেষ দিক থেকে তা আবার বাড়তে শুরু করে।    

সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতি বছর এক হাজার কোটি টাকার গরু পাচার হয়। আর এতে লাভের অংক লোভনীয় হওয়ায় মাঝে মধ্যেই সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চোরাকারবারীরা।

পুরনো খবর:

সীমান্তে হত্যা ‘শূন্যে’ নেমেছে: পঙ্কজ