শরীয়তপুরে শিশু `খুন’, বাবা আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তিন মাসের ছেলেকে গলাটিপে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে সখীপুর থানার কাচিকাটা মুন্সি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক রাজীব মৃধা মুন্সীগঞ্জের দীঘারপাড় এলাকায় বাসিন্দা।
সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, রোববার রাতে রাজীব তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সেখানে স্ত্রী খোদেজা বেগমের সঙ্গে রাজীবের ঝগড়া হয়।
গভীর রাতে খোদেজা ঘুম থেকে জেগে স্বামী ও সন্তানকে না পেয়ে চিৎকার করে সবাইকে ডাকেন।
অনেক খোঁজাখুজির পর শিশুটিকে না পেয়ে এলাকার লোকজন রাজীবকে আটক করে পিটুনি দেয়।
তখন রাজীব ছেলেকে গলাটিপে হত্যা করে গ্রামের একটি পাটক্ষেতে ফেলে দেয়ার কথা জানান, বলেন এসআই সিদ্দিক।
তিনি জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
