২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে আ. লীগ-বিএনপি সংঘর্ষ

মিছিল করা নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শনিবার বিকাল ৫টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে রাত ৮টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দুদলের পক্ষ থেকে দাবি করা হয়। 

বিএনপির ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন ও কেন্দ্রীয় যুবদল নেতা মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী জানান, বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিএনপি পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ছিল। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয়।

এতে সংঘর্ষ বাধলে ইটপাটকেল ও লাঠির আঘাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীসহ কয়েকজন নেতা জানান, বিএনপি নেতাকর্মীরা চৌরাস্তায় সমাবেশ করার জন্য প্রস্তুতি নেয়ার সময় সমাবেশ স্থলের কাছাকাছি আওয়ামী লীগ অফিসে অবস্থানরত নেতাকর্মীদের গালাগাল দেয় এবং ইটপাটকেল ছোঁড়ে।

এতে পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হন। এরপর সংষর্ঘ বেধে যায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।