২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস-পরীক্ষার দাবিতে কুয়েটে শিক্ষার্র্থীদের অবস্থান ধর্মঘট

প্রায় দেড় মাস ধরে বন্ধ থাকা ক্লাস ও পরীক্ষার কার‌্যক্রম স্বাভাবিক করার দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের শিক্ষার্থীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তারা এ কর্মসূচি শূরু করে।

এ সময় কুয়েটের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান বলেন, শিক্ষকদের নানাবিধ আন্দোলন কর্মসূচির কারণে প্রায় দেড় মাস ধরে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

“ফলে আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ছে। আর এ জন্যই ভবিষ্যতের কথা চিন্তা করে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছি।”

এ বিষয়ে কুয়েটের ভিসি মুহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের এক সভায় রোববার থেকে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।

তবে পরীক্ষা নেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

খুবিতে ভিসির অপসারণ দাবি

দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার ও প্রতারণাসহ বিশ্ববিদ্যালয়কে ক্ষতি করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক।

এ দাবিতে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে সচেতন শিক্ষকদের পক্ষে খুবির অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো: ফায়েকউজ্জামান গত বছরের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে সকল শিক্ষক তাকে সহযোগিতা করেন।

বিশ্ববিদ্যালয়ের জায়গা প্লট আকারে বিক্রির কারণে একাডেমিক ও প্রশাসনিক সৃষ্ট জটিলতার সমাধান তিনি আজও দিতে পারেনি। বরং তিনি আরো স্বেচ্ছাচারীতা শুরু করেছেন বলে অভিযোগ করেন রেজাউল।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন এ টি এম জহির উদ্দিন, এ আর এম মোস্তাফিজার রহমান, অধ্যাপক মো. আশরাফুল আলম, অধ্যাপক মো. শামীম মাহবুবুল হক, অধ্যাপক মো. মোস্তফা ও অধ্যাপক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভিসি মো. ফায়েকউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সংবাদ সম্মেলনের কথা শুনেছেন। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ভিসি।