ড্যাপ সংশোধনের ৫ প্রস্তাব মন্ত্রিসভা কমিটির বিবেচনায়
রাজধানীর ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের পাঁচটি প্রস্তাব বিবেচনায় নিয়েছে এই সংক্রান্ত মন্ত্রিসভা উপ-কমিটি।
বুধবার সচিবালয়ে উপ-কমিটির দ্বিতীয় সভায় ২০টি অবেদন যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন।
তিনি জানান, ২০টি প্রস্তাবের মধ্যে বাকিগুলো খারিজ করে দেয়া হয়েছে।
গত ১৯ মে ড্যাপ পর্যালোচনা বিষয়ক মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় সভায় ড্যাপের ভূমি ব্যবহার প্রস্তাবনা পুনর্বিবেচনা সংক্রান্ত আবেদন সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে একটি মন্ত্রিসভা উপ-কমিটি ও একটি কারিগরি কমিটি গঠন করা হয়।
গত ৫ জুন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে মন্ত্রিসভা উপ-কমিটির প্রথম বৈঠকে জানানো হয়, ড্যাপের ভূমি ব্যবহার প্রস্তাবনা পুনর্বিবেচনা সংক্রান্ত ৪১১টি আবেদন রাজউকে জমা পড়েছে। এর মধ্যে ২৯২টি আবেদনকে ‘বৈধ’ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ১৮০ জন সুনির্দিষ্ট ভূমি ব্যবহার উল্লেখ না করায় সেগুলো বিবেচনার সুযোগ নেই। বাকি আবেদনের মধ্যে ৩৬ জন ড্যাপ প্রস্তাবিত রাস্তার অ্যালাইনমেন্ট পরিবর্তনের আবেদন করেছেন বলে সভায় জানানো হয়।
একটি প্রস্তাবের উদাহরণ দিয়ে শওকত হোসেন বলেন, “নটরডেম কলেজের সঙ্গে একটি জমি আছে। তারা বহুযুগ ধরে সেখানে আছে। তারা চায় না, তাদের জমি কলেজের সঙ্গে সংযুক্ত হয়ে যাক। তাই তাদেরটি অনুমোদন দেয়া হয়েছে।”
তবে বন্যাপ্রবণ বা জলাশয় আছে, এমন জমির আবেদন বিবেচনা করা হবে না বলে জানান তিনি।
এর আগে ৫ জুন সভাশেষে সাংবাদিকরা প্রশ্ন করেন, রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেয়ার জন্যই ড্যাপ সংশোধনের এই উদ্যোগ নেয়া হয়েছে কি না?
জবাবে সচিব বলেছিলেন, “কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এটা করা হচ্ছে না।”
মন্ত্রিসভা উপ-কমিটির সভায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, রাজউক চেয়ারম্যান নূরুল হুদা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
