২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ থেকে অপহৃত যুবক মাদারীপুরে উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহৃত এক যুবককে ৩ দিন পর মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার ভোরে শিবপুর চর দত্তপাড়া এলাকা থেকে ৪ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক ইয়ার হোসেনকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ইয়ার হোসেন সোনারগাঁও উপজেলার মুছারচর এলাকার আব্দুর রবের ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক।

দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গত ১৪ জুন কাঁচপুর এলাকা থেকে ইয়ার হোসেনকে তার পূর্ব পরিচিত রবিউল ও তার দুই সহযোগী অস্ত্রের মুখে জিম্মি করে মাদারীপুরের শিবচরে নিয়ে যায়।

“হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ হিসেবে ইয়ার হোসেনের পরিবারের কাছে ৪ লাখ টাকা দাবি করা হলেও শেষে ৩ লাখ টাকায় রফা হয়।”

মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের কাছে পাঠানোর বিষয়টি ইয়ার হোসেনের পরিবার পুলিশকে জানায়।

পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের আস্তানায় অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় এবং ইয়ার হোসেনকে উদ্ধার করা হয় বলে জানান সৈয়দ নুরুল ইসলাম ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবচর চরদত্তপাড়া এলাকার আতাবউদ্দিন মৃধা ওরফে আতা মৃধার ছেলে শুক্কুর মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) এম এম হক উপস্থিত ছিলেন।