২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপসোনিন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অপসোনিন ফার্মাসিউটিক্যালস’র বরিশাল মূল কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার সামনের সড়ক (বগুড়া রোড) অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা।

১২ দফা দাবি আদায়ের পাশাপাশি মঙ্গলবার আন্দোলন চলার সময়ে পুলিশের হাতে আটক সাত শ্রমিকদের মুক্তি দাবিও জানায় শ্রমিকরা।

এদিকে একই দাবিতে অপসোনিন ফার্মাসিউটিক্যালস এর অঙ্গ প্রতিষ্ঠান ‘অপসো স্যালাইন’ ও ‘অপসো গ্লোবাল ফার্মা’য় শ্রমিকদের মধ্যেও চাপা উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে তারা ১২ দফা দাবি সম্বলিত ব্যানার টানিয়ে দিয়েছে কারখানার মূল গেটে।

স্থায়ী শ্রমিকদের বেতন চলতি মাস থেকে এক হাজার টাকা বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট এক হাজার টাকা, চাকুরি থেকে অব্যহতি দিলে প্রভিডেন্ট ফান্ডের দ্বিগুণ টাকাসহ বিভিন্ন দাবি রয়েছে এ ১২ দফার মধ্যে।

আন্দোলনরত শ্রমিক মো. বাসার আলী জানান, সকালে তারা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করতে চাইলে তাদের গেটে বাধা দেয়া হয়।

আরেক শ্রমিক রফিক বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। আন্দোলনের জের ধরে যদি কোন শ্রমিক ছাঁটাই করা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেয়া হবে।”

এ ব্যাপারে অপসোনিন ফার্মাসিটিক্যালসের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান জানান, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা থেকে মালিকপক্ষের প্রতিনিধি বরিশালে এসেছে। তারা কারখানায় বৈঠক করছেন। বৈঠক শেষে শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দীর্ঘদিন যাবত বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ‘অপসোনিন ফার্মাসিউটিক্যালস’ এর শ্র্রমিকরা। মালিকপক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস থাকলেও এর কোন বাস্তবায়ন হয়নি।

মঙ্গলবার কারখানায় ভাংচুর চালায় শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে পুলিশ ১১০ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ ও লাঠিপেটা করে। এতে ১০ শ্রমিক আহত হয়। পুলিশ ৭ জনকে আটক করে।