টাঙ্গাইলে বৃদ্ধের লাশ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিহত এক বৃদ্ধের লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মগড়া ইউনিয়নের বড় বাশালিয়া গ্রামের এবাদত আলীর (৭৫) লাশ বাড়ির পাশের নদীর তীর থেকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, এবাদত আলী তার ৪ ছেলের মধ্যে ছোট ছেলে আবুল হোসেনের (২৪) সঙ্গে থাকতেন।
কিছুদিন আগে তিনি জায়গা বিক্রির কিছু টাকা ছোট ছেলে আবুল হোসেনের কাছে দেন। এ নিয়ে প্রায়ই এবাদত আলীর সঙ্গে তার মেজ ছেলে তোমেজ আলীর (৪৫) কথা কাটাকাটি হতো।
এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বড়বাশালিয়া বাজারে এবাদত ও তোমেজের মধ্যে ঝগড়া হয়।
“এবাদত আলী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেও তিনি আর বাড়ি ফিরেননি। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে তার লাশ নদীর তীরে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর থেকেই ছেলে তোমেজ আলী পলাতক রয়েছেন।”
এসআই মাসুদ রানা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দেয়া হয় এবাদত আলীকে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে এসআই জানান।
