সিরাজগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আরো অন্তত ১০ জন আহত হন।
মঙ্গলবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের গঞ্জের আলী (৬৫) মারা যান।
সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
হামলায় গুরুতর আহত গ্রামের ঈমান আলীর ছেলে মেনহাজ আলী (৩০) ও সুরমান হোসেন (২৫), নিহত গঞ্জের আলীর ছেলে মোন্নাফ (৩৫), আব্দুর রাজ্জাক (৪৫), রুস্তম আলী (৩০) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের বরাত দিয়ে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসতভিটার ১১ শতক জমি নিয়ে আগে থেকেই গঞ্জের আলীর সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বিরোধ ছিল।
সোমবার সকালে জমির দখল নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরতর আহত ছয় জনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান বলে জানান ওসি।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাহাদুর আলী নামে একজনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
