সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
চোলাই মদসহ সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেনসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের ঢাকা জেলার (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত পৌনে ১০টার দিকে সাভারের ছায়াবিথী এলাকায় শহীদের বাড়িতে বসে চোলাই মদ খাওয়ার সময় মোশারফ ও তার সহযোগী মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি বোতলে আড়াই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
তবে মোশারফের ভাতিজা মাহবুবুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের এই এসআই তার চাচাকে আটক করার পর ছেড়ে দেয়ার কথা বলে দুই লাখ টাকা ঘুষ দাবি করে।
“কিন্তু ওই টাকা না দেয়ায় তাদের বিরুদ্ধে চোলাই মদ সেবনের একটি মিথ্যা মামলা দিয়েছে।”
ছেড়ে দেয়ার জন্য টাকা দাবির বিষয়ে জানতে চাইলে এসআই জিল্লুর বলেন, “এটা পুরোপুরি মিথ্যা। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেয়া হয়েছে।”
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, মদ খাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
ছেড়ে দেয়ার কথা বলে গোয়েন্দা পুলিশের টাকা দাবির বিষয়টি তার জানা নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
