‘একাদশ শ্রেণিতে ভর্তিতে বাধা নেই’
একাদশ শ্রেণীতে ভর্তি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার ওপর স্থগিতাদেশ কেবল নটরডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে ঢাকার অন্যান্য কলেজে বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তিতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এক আইনজীবী।
শিক্ষা মন্ত্রণালয় গত ১৬ মে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করে, যাতে বলা হয় এবার শিক্ষার্থী ভর্তিতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেয়া যাবে না। এসএসসি বা সমমানের পরীক্ষায় ছাত্রছাত্রীদের পাওয়া জিপিএর ভিত্তিতে তাদের কলেজে ভর্তি করা হবে।
কিন্তু নটরডেম কলেজ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ভর্তি পরীক্ষা নেয়ার আবেদন জানালে হাই কোর্ট গত ২ জুন এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে।
পাশাপাশি ওই নীতিমালা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ।
উচ্চ আদালতের এই নির্দেশনার কারণে ঢাকা বোর্ডের সব শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির ফল স্থগিত করা হয়। ভর্তির জন্য মনোনীতদের তালিকা রোববার প্রকাশের কথা ছিল।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ আদালতের নির্দেশনার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা পেলে এ বিষয়ে সবাইকে দ্রুত জানানো হবে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ড হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি গত ৫ জুন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ বিষয়টির শুনানি করে হাই কোর্টের আদেশ সংশোধন করে দেয়।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, নটরডেম কলেজের পক্ষে ড. এম জহির শুনানিতে অংশ নেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগের ফুল বেঞ্চ আজ বলেছে, হাই কোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার ওপর যে স্থগিতাদেশ দিয়েছিল তা কেবল নটরডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।”
এই আদেশের ফলে অন্যান্য কলেজে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তিতে ‘কোনো বাধা থাকছে না’ বলেও উল্লেখ করেন তিনি।
চলতি বছরের ৯ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার ১১ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
