ফরিদপুরে গৃহকর্তাসহ ৪ জনকে কুপিয়ে মালামাল লুট
ফরিদপুর সদর উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে হানা দিয়ে নগদ অর্থসহ প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে গৃহকর্তাসহ চারজনকে, যাদের দুজন দুবাই প্রবাসী।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, ডাকাতদের কোপে গৃহকর্তা সেকান্দার আলী, তার স্ত্রী রহিমা বেগম (৪০) এবং দুবাই প্রবাসী ছেলে রাশেদ শেখ (৩০) ও ছোটভাই বিল্লাল শেখ (৪২) আহত হয়েছেন।
তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার গোপাল চন্দ্র পাল জানান, চার জনেরই মাথা ও শরীরের অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতালের শয্যায় শুয়ে সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিশার্ট ও প্যান্ট পরা ১০/১২ জনের ডাকাত দল রাতে তাদের বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এক পর্যায়ে তাকেসহ চারজনকে কুপিয়ে আহত করে তারা।
এরপর আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা, আটটি মোবাইল ফোন, একটি ভিডিও ক্যামেরা ও একটি কম্পিউটার নিয়ে পালিয়ে যায় তারা।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান সেকেন্দার আলী।
প্রতিবেশি সাবেক ইউপি সদস্য সালাম মুন্সী জানান, ডাকাতির ঘটনা টের পেয়ে লাইসেন্স করা বন্দুক দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন তিনি। তার পরপরই ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
সেকেন্দার আলী জানান, ছোটভাই বিল্লাল ও ছেলে রাশেদ দুবাইয়ে থাকেন। ১০/১২ দিন আগে তারা দেশে ফিরেছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিদর্শক মশিউর রহমান জানান।
তিনি বলেন, পারিবারিক কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
