২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঐক্যবদ্ধ না হলে জামায়াতি উত্থান ঘটবে’

জামায়াতে ইসলামী নিষিদ্ধ না হলে আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরো কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের এক সমাবেশের বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 05:56 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ’ এর ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একাত্তরের মতোই সোচ্চার হতে হবে।”

বিএনপি ও জামায়াতে ইসলামী ‘ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে’ দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সম্প্রতি চার সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের দিকে ইংগিত করে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বলেন, এ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

“আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় না হলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে ফেলা হবে, মুক্তিযোদ্ধারা আর দেশে থাকতে পারবে না।”

অন্যদের মধ্যে নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, কবি বেলাল বেগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের প্রধান নূরন্নবী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান এ সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে গণজাগরণ মঞ্চের কবিতা আবৃত্তি করেন জিএইচ আরজু, মুমু আনসারী এবং শিবলী সাদেক শিবলু।