গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর
দুপুরের খাবার দেয়াসহ কয়েকটি দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বোর্ডবাজারের বড়বাড়ি এলাকায় ইউনি গিয়ার্স নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম খান জানান, হাজিরা বোনাস ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা এবং মাসে ৪০০ টাকা করে দুপুরের খাবার বিল চালুর দাবিতে শ্রমিকরা সড়কে নেমে ইট-পাটকেল ছুড়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ। সকাল ৯টার দিকে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়।
ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে বলে জানান পরিদর্শক সেলিম।
এর আগে গত শনিবার দুপুরে একই দাবিতে এই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। তখন কারখানার কর্মকর্তারা তাদের দাবির বিষয়ে পরদিন মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করে। কিন্তু বিষয়টির সুরাহা না হওয়ায় সোমবার আবারো বিক্ষোভে নামে শ্রমিকরা।
