২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাবএইডের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

ল্যাবএইডের চিকিৎসকদের অবহেলার কারণে অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

কবি, ইংরেজি সাহিত্যের শিক্ষক ও ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার আশরাফ রোববার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

তবে হাসপাতালের চিকিৎসকরা দাবি করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেও মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত এই অধ্যাপককে গুরুতর ‘হার্ট অ্যাটাক’ থেকে বাঁচাতে পারেননি তারা।

খোন্দকার আশরাফের ছোট মেয়ে ঢাকা কলেজের রসায়নের শিক্ষক শান্তান শেহেরজাদী জানান, এ মৃত্যুকে তারা মেনে নিতে পারছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “(ল্যাবএইডের) চিকিৎসকদের অবহেলায় মারা গেছেন তিনি।”

একই অভিযোগ করলেন আশরাফের শ্যালক লিটন ওয়ারেসও।

শেহেরজাদি বলেন, “শুক্রবার তিনি (তার বাবা) গ্যাস্ট্রিকের ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। ইনজেকশন দেয়ার পরে তিনি ভাল বোধ করেন। কিন্তু সকালে তিনি শ্বাসকষ্টের কথা বলেন এবং প্রায় অচেতন হয়ে যান। পরে জ্ঞান ফিরে পেলেও অনবরত কাশতে থাকেন।”

“কিন্তু তার কাছে কোনো ডাক্তার আসেননি। রাত ১০টায় একজন ডাক্তার আসেন। কিন্তু আমরা ‘তার অবস্থা ভাল নয়’ জানালে তিনি উল্টো আমাদের বকা দেন।”

“আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে যেতে চেয়েছিলেন। কিন্তু তারা তাকে ছেড়ে না দিয়ে কার্ডিওলজিস্ট দেখাতে বলে। কিন্তু সকাল পর্যন্ত আমরা কোনো কার্ডিওলজিস্টের দেখা পাইনি। তখনও শ্বাসকষ্টের অভিযোগ করেই যাচ্ছিলেন।”

তিনি বলেন, “এরপর ডাক্তাররা এসে তাকে আইসিইউতে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছে।”

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পরই চিকিৎসকরা তৎপর হন এবং মেডিকেল বোর্ড গঠন করেন।

খোন্দকার আশরাফের চিকিৎসার সমন্বয়কারী ও মেডিসিন বিভাগের অধ্যাপক মনজুর রহমান জানান তারা তাদের সব চেষ্টাই করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন তিনি আসেন তখন তলপেটে ব্যথার কথা বলেছিলেন। কিন্তু এক্সরে করার পর আমরা পেলাম মারাত্মক নিউমোনিয়া এবং চিকিৎসাও চলছিল। তার হার্টে কোনো সমস্যা পাইনি।”

মনজুর রহমান বলেন, “শনিবার তাকে কার্ডিওলজিস্ট দেখাতে পরামর্শ দেয়া হয়। কিন্তু তা জরুরি ছিল না। আমি বলেছিলাম সম্ভব হলে একজন কার্ডিওলজিস্ট দেখান। এমনকি শনিবার রাতে আমি নিজে অধ্যাপকের সঙ্গে কথা বলেছি।”

এই চিকিৎসক বলেন, “হঠাৎই তার হার্ট আক্রান্ত হয়। আমরা হার্ট অ্যাটাকের বিষয়টি আন্দাজ করতে পারিনি। ২০০০ সালের দিকে তার অস্ত্রোপচারের অভিজ্ঞতা ছিল।”

“তার এই অ্যাটাক ছিল মারাত্মক। আমাদের আইসিইউ দল এবং তিনজন কার্ডিওলজিস্ট চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি।”

তিনি দাবি করেন, “স্বাভাবিকভাবেই প্রিয়জন মারা গেলে পরিবার অভিযোগ করে থাকে। কিন্তু আমাদের দিক থেকে কোনো অবহেলা হয়নি।”

খোন্দকার আশরাফের জন্ম ১৯৫০ সালের ৪ জানুয়ারি জামালপুরে। তিনি ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেয়ার পর লিডস বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন।

তিনি পিএইচডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই অধ্যাপকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তিন রমণীর ক্বাসিদা, পার্থ তোমার তীব্র তীর, জীবনের সমান চুমুক, যমুনাপর্ব, আয়না দেখে অন্ধ মানুষ।

কবিতার পাশাপাশি অনুবাদেও সমান দক্ষতা ছিলো তার। তিনি একবিংশ নামে কবিতাবিষয়ক একটি পত্রিকাও সম্পাদনা করতেন।

পুরনো খবর:

খোন্দকার আশরাফের জীবনাবসান