খালেদার ২ মামলার শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ জুলাই তারিখ রেখেছে আদালত।
ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মোজাম্মেল হক রোববার এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া।
সময় আবেদনে উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ অধিবেশনসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে ব্যস্ত থাকায় আদালতে তিনি উপস্থিত হতে পারেননি। এ জন্য মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করা হোক।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামি পক্ষের সময় আবেদনের বিরোধিতা করেন।
কাজল আদালতকে বলেন, আসামি পক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে বারবার সময় নিচ্ছেন। যে কারণে মামলার বিচারকাজে স্থবিরতা চলে আসছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অপর দুই আসামি বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়ে।
অপরদিকে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এ অনিয়মের অভিযোগে এ মামলাটি দায়ের করে।
মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
