২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন বিল সংসদে

বিরোধী দলের আপত্তির মুখে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল- ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। কমিশনের ক্ষমতা বাড়াতে বিলটি উত্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার সংসদে বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। পরে বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিলটি উত্থাপনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিরোধী দলের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, “পার্বত্য চট্টগ্রামে ভূমি নিয়ে বিরোধ চলছে। সেখানে বাঙালি ও উপজাতিরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই বিল উত্থাপনের আগে আগে পার্বত্য চট্টগ্রামের উপজাতি ও বাঙালিদের পরামর্শ করার দরকার আছে।”

তবে জাফরুল ইসলামের দাবি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলে মূল আইনের ৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, পুনর্বাসিত শরণার্থীদের ভূমি সংক্রান্ত বিরোধ এবং অবৈধ বন্দোবস্ত ও বেদখল হওয়া ভূমি সংক্রান্ত বিরোধ পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইনে নিষ্পত্তি করবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন।

৭ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, চেয়ারম্যানসহ উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। বিদ্যমান ৭ ধারায় বলা হয়েছে, কমিশন সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে না হতে পারলে চেয়ারম্যানের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে।

আবেদন নিষ্পত্তির আগে যে কোনো পর্যায়ে ন্যায় বিচারের স্বার্থে কমিশনের অনুমতি সাপেক্ষে আবেদনকারী তার আবেদন একবার সংশোধন করতে পারবেন বলেও একটি ধারায় উল্লেখ রয়েছে।

গত ৩ জুন বিলটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।