এমপিওভুক্তির দাবিতে জামালপুরে শিক্ষকদের মানববন্ধন
এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্যজোটের সভাপতি কাজী মসিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ হীরা।
বক্তারা বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো এমপিওভুক্ত না হওয়ায় জামালপুরসহ সারা দেশের প্রায় লক্ষাধিক শিক্ষক মানবেতর জীবন যাপন করছে।
জামালপুরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দু’হাজার বলে জানান তারা।
