২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের সেবক হতে চাই: বুলবুল

নগরপিতা ‘না হয়ে’ জনগণের সেবক হতে চান রাজশাহী সিটি কর্পোরেশনের বিজয়ী প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম ও এসএম নাদিম মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:22 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

একইসঙ্গে সাবেক মেয়রকে সঙ্গে নিয়েই চলমান প্রকল্পগুলো শেষ করাসহ রাজশাহীকে শিল্প নগরী হিসাবে গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি।

শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, “সাড়ে চার বছরের অত্যাচার, নির্যাতন, অনিয়ম-দুর্নীতি, লুটপাট, ছিনতাই, মিথ্যাচার, শেয়ারবাজার কেলেঙ্কারির কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

“সরকারের ব্যর্থতার ফল সিটি করপোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এই সরকারের কাছ থেকে থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।”

প্রায় ৪৭ হাজার ভোটের ব্যবধানে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

মেয়রের চেয়ারে বসার অপেক্ষায় থাকা মহানগর বিএনপির এই আহ্বায়ক বলেন, “দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত এক মানুষকেই রাজশাহীবাসী নির্বাচিত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

পাশাপাশি নির্বাচনে বড় ব্যবধানে ‘জয়ের’ পেছনে তরুণ ভোটারদের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

এর আগে ২০০৮ সালে খায়রুজ্জামান লিটনের কাছে পরাজিত হয়েছিলেন বুলবুল। সেবার লিটন তালা প্রতীক নিয়ে পেয়েছিলেন ৮৮ হাজার ৩৬০ ভোট। আর বাঘ প্রতীক নিয়ে বুলবুল পেয়েছিলেন ৭৪ হাজার ৫৫০।

বিকেলে ভোগ গণনা শুরুর আগেই বেশ খোশ মেজাজে দেখা যায় এই ভবিষ্য নগরপিতাকে। ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি পরে রাজশাহী গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় মাঠে সমর্থকদের সঙ্গেই অবস্থান নিয়েছিলেন তিনি।

সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সঙ্গে নিয়েই নগরীর উন্নয়ন করতে চান- জানিয়ে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্যই তো রাজশাহীর উন্নয়ন। রাজশাহীকে শিল্প নগরী হিসাবে গড়ে তুলে আমার স্বপ্ন পূরণ করবো।”

এর আগে সকালে একই কেন্দ্রে ভোট দিয়ে লিটন ও বুলবুল উভয়ই বলেন, দুজনই সমৃদ্ধ রাজশাহী গড়ার স্বপ্ন দেখেন। রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজ করবেন তারা।

সাবেক মেয়রের রেখে যাওয়া চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “ভালো কাজগুলোকে অবশ্যই এগিয়ে নেয়া হবে। আমি জনগণের কল্যাণেই সব কাজ করতে চাই।”

রাজশাহীতে জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে তার অবস্থান জানতে চাইলে বুলবুল বলেন, “গণতন্ত্রের সহিষ্ণু পরিবেশের ব্যত্যয় ঘটায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল। আমরা সবাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে কাজ করতে চাই।”

মেয়র নির্বাচনে হেফাজতে ইসলামীর সমর্থনের বিষয়ে তিনি বলেন, “তারা তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা ইসলামী ঐক্যজোটের একটা অংশ, যারা আমাদের ১৮ দলীয় জোটের শরিক।”

“হেফাজতে ইসলাম যেহেতু কোনো রাজনৈতিক দল নয় তাই তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার বিষয়ে কোনো প্রশ্নও আসে না।”