কামরানের হার স্বীকার
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান।
ওই সময় পর্যন্ত সিলেটের ১২৮ কেন্দ্রের মধ্যে ১১৮টির ফলাফলে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী ৯৮ হাজার ভোট পেয়ে কামরানের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। ওই সময় কামরানের ভোট ছিল ৬৬ হাজারের কিছু বেশি।
কামরান বলেন, “জনগণ যে রায় দিয়েছে তাতেই আমি সন্তষ্ট। শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার জন্য নগরবাসীর কাছে আমার কৃতজ্ঞতা।”
নির্বাচনে হার হলেও বিগত এক দশকের মতোই ‘জনগণের পাশে’ থাকবেন বলে জানান এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “জয় পরাজয়ের সাথে সাথে মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় না।”
নতুন নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন আরো শক্তিশালী হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন কামরান।
