২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুর নাগাদ বরিশালে ৩০ শতাংশের বেশি ভোটগ্রহণ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:32 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

সহকারী রিটার্নিং কর্মকর্তা বিভোর বিশ্বাস বলেন, শনিবার বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে বলে বিভিন্ন কেন্দ্র থেকে জানানো হয়েছে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।

তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল।

সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে বিএনপি নেতা কামাল সাংবাদিকদের বলেন, “প্রথম দেড় ঘণ্টা যেভাবে ভোট গ্রহণ চলেছে, সেভাবেই চললে আমার জয় নিশ্চিত। তবে দুপুরের পর কী ঘটবে, তা বলতে পারছি না।”

ফলাফল মেনে নেবেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে সেটা মেনে নেবো না।”

১৩ নম্বর ওয়ার্ডের ভাটিকানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু ‘ঝামেলা’ হয়েছে বলে অভিযোগ করেন কামাল।

তবে কী ধরনের ঝামেলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই মেয়র প্রার্থী।

অবশ্য তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৮৪৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩ হাজার ২২৪ এবং পুরুষ ১ লাখ ৭ হাজার ৬২৫ জন।

১০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ১০০টির কেন্দ্রের ৬১৪টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন; তার প্রতীক টেলিভিশন।

১৮ দলীয় জোটের সমর্থনে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল লড়ছেন আনারস প্রতীক নিয়ে।

আর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের প্রতীক দোয়াত-কলম।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বরিশালের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ১২টি কক্ষে এবার ইভিএমে ভোট হচ্ছে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ৪ হাজার ২৮১ জন ভোটার।