২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি হচ্ছে ডাকাতিয়া নদী

দুপাড় দখলের প্রতিযোগিতায় ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে চাঁদপুর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:01 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

ডাকাতিয়া ও মেঘনাকে ঘিরে দেশে এবং দেশের বাইরে বাণিজ্যের জন্য চাঁদপুর নদীবন্দরের বিশেষ গুরুত্ব রয়েছে।  

এক সময় ডাকাতিয়া নদী দিয়ে জাহাজ ও বড় বড় নৌকা চলাচল করত। এখন জাহাজ আর চলে না। নৌকা চলাচলও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এক শ্রেণির লোক প্রতিনিয়ত ডাকাতিয়া নদী দখল করে গড়ে তুলছে বহুতল ভবনসহ নানা স্থাপনা। এতে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে নদীটি।

স্থানীয়রা মনে করেন, ডাকাতিয়া নদীকে দখলের হাত থেকে বাঁচাতে হলে এখনই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। বেদখল হওয়া জায়গা উদ্ধার শুরু করতে হবে। তা না হলে হয়ত একদিন এ নদীর চিহ্নই মুছে যাবে।

শহরের পুরানবাজারের প্রবীণ ব্যবসায়ী ইউনুস মিজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে ডাকাতিয়া নদীর ৪০ শতাংশ দখল হয়ে গেছে।

তিনি বলেন, নদীতীর দখল করে বহুতল ভবনসহ নানা অবৈধ স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নজর রাখছে না।

এ নদীর পুরনো রূপ ফিরিয়ে আনতে হলে ১৯০৬ সালের সিএস খতিয়ান অনুযায়ী পুনরুদ্ধার কাজ চালাতে হবে, বলেন তিনি।

ডাকাতিয়া নদীতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মো. ইউসুফ নামের এক মাঝি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই নদীতে নৌকা চালাচ্ছি। আগে এই নদী দিয়ে বড় জাহাজ বা নৌকা চলাচল করতে দেখা যেত। কিন্তু এখন নদী দখল হয়ে ছোট হয়ে যাওয়ায় বড় জাহাজ বা নৌকা চলাচল করতে দেখা যায় না।”

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, ডাকাতিয়া নদীকে ঘিরে একসময় চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের বেশ সুনাম ছিল। পাকিস্তানের বাইশ পরিবারসহ ভারতের মারোয়ারীরাও এখানে ব্যবসা করত।

প্রচুর ভারতীয় ও পাকিস্তানী শ্রমিক এখানে কাজ করত। তখন নদীতীর ছিল শ্রমিকদের পদচারণায় মুখরিত। কিন্তু দখলের ফলে ছোট হয়ে যাওয়ায় এখন সেসব ইতিহাস হয়ে গেছে।

এখন চাঁদপুরের সেই ব্যবসা-বাণিজ্যের সুনাম আর নেই।

এই ব্যবসায়ী নেতা আরো বলেন, ডাকাতিয়া নদী দখল করে আর যাতে কোনো স্থাপনা বা বসতবাড়ি গড়ে না ওঠে সে ব্যাপারে প্রশাসনকে নজর দিতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ডাকাতিয়া নদীতে বিভিন্ন ব্যক্তি বহুতল ভবনসহ দুইশ’রও বেশি নানা অবৈধ স্থাপনা গড়ে তুলেছে।

নিয়ম অনুযায়ী বিআইডব্লিউটিএ এর ভূমি লিজ নেয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। অবৈধ স্থাপনা গড়ে তোলা ব্যক্তিদের কয়েকজন ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন গড়ে তুলেছেন, যা সম্পূর্ণ নিয়মের বাইরে।

তিনি আরো বলেন, নদীতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে দখলদারীদের সতর্ক করা হবে। এরপর প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।