বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
দুই বাংলাদেশি হত্যার ঘটনায় চার বিএসএফ সদস্যকে বরখাস্তের রেশ কাটার আগেই ঠাকুরগাঁও সীমান্তে আরেকজনকে গুলিতে আহত করেছে ভারতের এই সীমান্তরক্ষীরা।
শুক্রবার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন চরুইগেতী গ্রামের সবরাতু মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (১৮)।
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, রাত ১টার দিকে বাবুলসহ কয়েকজন বেউরঝাড়ি এলাকায় সীমান্ত পিলারের কাছে গরু আনতে যান।
এ সময় ভারতের বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে সীমান্তের বাংলাদেশ অংশে গুলিবিদ্ধ হন বাবুল। অন্য সঙ্গীরা তাকে নিয়ে আসে।
বাবুলের বাবা সবরাতু মোহাম্মদ জানান, রাতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত ডাক্তার বাবুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল কাশেম জানান, বাবুলের পেটের ওপরের অংশে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাকে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুন) যশোরের শার্শায় কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী চোরাকারবারীদের কাছ থেকে গরু আনতে সীমান্ত অতিক্রম করলে বিএসএফের সঙ্গে চোরাকারবারীদের সংঘর্ষ হয়। এ সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হন।
ওই সময় ঘটনাস্থলে দায়িত্বরত চার বিএসএফ সদস্যকে সাময়িত বরখাস্ত করা হয়। গঠন করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি।
পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফ সদস্যদের হরহামেশা গুলি চালানো বন্ধের কড়া নির্দেশও দেয়া হয়ে দিল্লির সদরদপ্তর থেকে।
