জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সম্পর্কিত আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসোসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১২টায় জাতিসংঘ সদরদপ্তরে ল্যাডসোসের সঙ্গে বৈঠকে মিলিত হন সেনাপ্রধান। এরপর বিকাল ৪টায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফিল্ড সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকের সাক্ষাৎ হয় তার।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা, পুলিশ ও অন্য পেশাজীবীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় জাতিসংঘ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরো ছয় শতাধিক সৈন্য নেয়ার সিদ্ধান্তে জাতিসংঘ কর্মকর্তাদের ধন্যবাদ জানান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ আরো বেশি অবদান রাখতে পারবে।
কঙ্গো, দারফুরসহ কয়েকটি শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে বুধবার নিউ ইয়র্কে আসেন সেনাপ্রধান। ওই সব মিশনের কার্যক্রম এবং শান্তিরক্ষায় নিয়োজিতদের বিভিন্ন প্রয়োজনীয়তার কথা আন্ডার সেক্রেটারি ল্যাডসোসের কাছে তুলে ধরেন তিনি।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল মোমেন উপস্থিত ছিলেন।
বৈঠকে পশ্চিম সাহারায় শান্তিরক্ষা মিশনে কর্মরত ৩০ জন বাংলাদেশি চিকিৎসকের বেতন-ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়।
এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন জানান, বিভিন্ন কারণে গত দেড় বছর ধরে বাংলাদেশের ওই চিকিৎসকরা বেতন-ভাতা পাচ্ছিলেন না। জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে তার সুরাহা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার আলোকে প্রকাশিত একটি স্মরণিকা জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার হাতে তুলে দেন রাষ্ট্রদূত মোমেন।
