২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পিটুনিতে ৬ ‘জলদস্যু’ নিহত

নোয়াখালীতে জলদস্যু সন্দেহে ছয় ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। আহত হন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 08:07 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নলেরচরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন হলেন: সুবর্ণচরের বাথান সেলিম ও মাকসুদ, চট্টগ্রামের শংকর, দেলোয়ার ও আফসার। একজনের নাম জানা যায়নি।

গুরুতর আহত হন কক্সবাজারের মহেশখালীর হান্নান। তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহতদের মধ্যে হাতিয়ার রুবেল নামে একজন পুলিশ হেফাজতে আছেন। অপর দুইজন কোথায় তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি রাইফেল, একটি পাইপগান, ২২ রাউন্ড গুলি, বেশকিছু ধারালো অস্ত্র এবং একশ’রও বেশি টোকেন উদ্ধার করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে সুবর্ণচর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, সুবর্ণচরের সেলিমবাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসে কয়েকজন জলদস্যু।

খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের তাড়া করে। এরপর জলদস্যুরা সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন চরে পালিয়ে যায়।

পরে আরো লোকজন সংগঠিত হয়ে চরক্লার্ক ইউনিয়নের চর লঙ্গলিয়া ও আশপাশের বিভিন্ন চর থেকে ১০ ‘জলদস্যুকে’ ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনজন।

ওসি আরো জানান, আহতদের একজন পুলিশ হেফাজতে আছেন। অপর দুইজন কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার আনিসুর রহমান আরো জানান, এ ঘটনায় দুটি মামলা করবে পুলিশ। একটি হত্যার এবং অপরটি অস্ত্র আইনের।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই ‘জলদস্যুরা’ এলাকায় এসেছে খবর পেয়ে গ্রামবাসী সতর্ক ছিল। দিনেরবেলা সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে।